Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 01 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক ঢাকায় এসেছেন। তিনি ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

সারাহ ক্যাথেরিন কুক বলেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমি দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের দু’দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন অভিন্ন স্বার্থে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাজ্য।

কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। অতিসম্প্রতি তিনি ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে (২০২০-২০২৩) দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান এবং তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার (২০১৬-২০২০) ছিলেন।

কুক ২০০৫ সালে ডিএফআইডিতে যোগ দেন। যেখানে তার ভূমিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ, দুর্নীতিবিরোধী ও সহায়তা কার্যকারিতা সম্পর্কিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন নীতি অন্তর্ভুক্ত ছিল। তিনি আফ্রিকা সচিবালয় কমিশনের উপ-প্রধান এবং মন্ত্রিপরিষদ অফিসে প্রধানমন্ত্রীর কৌশল ইউনিটে উপ-পরিচালক হিসেবেও কাজ করেছেন।

যুক্তরাজ্য সিভিল সার্ভিসে যোগদানের আগে কুক গুয়ানায় বাণিজ্য মন্ত্রণালয়, সলোমন দ্বীপপুঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ও প্রাইস ওয়াটার হাউস কুপারসের (পিডব্লিউসি) অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//