
নিজস্ব প্রতিবেদক: ডলার সংকট, মূল্যবৃদ্ধি ও ঋণপত্র বা এলসিতে কড়াকড়ি আরোপের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় কমেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের নয় মাস ঘাটতি থাকা রাজস্বের অর্ধেকেরও বেশি আমদানি পর্যায়ের (কাস্টমস)। এ খাতে ঘাটতির পরিমাণ ১৫ হাজার ৮০৬ কোটি টাকা, যেখানে মোট ঘাটতি ২৯ হাজার ৮ কোটি টাকা।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। গত অর্থবছরে যদিও তা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। কাস্টমস থেকে চলতি অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১১ হাজার কোটি, স্থানীয় পর্যায়ে মূসক (ভ্যাট) থেকে ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ২২ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে প্রথম নয় মাস অর্থাৎ মার্চ পর্যন্ত কাস্টমস থেকে ৮৩ হাজার ১৮৭ কোটি, ভ্যাট থেকে ৯৫ হাজার ১৪৫ কোটি এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ৭৬ হাজার ১৮৫ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল। যদিও এর সবক’টি খাতেই এ সময়ে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এনবিআর। সবচেয়ে বেশি ১৫ হাজার ৮০৬ কোটি টাকা রাজস্ব ঘাটতি কাস্টমসে। এর পরই ভ্যাট খাতে ঘাটতি ৮ হাজার ২৪৪ কোটি এবং আয়কর ও ভ্রমণ করে ৪ হাজার ৯৫৭ কোটি টাকা ঘাটতি।
বিনিয়োগবার্তা/এসএএম//