
নিজস্ব প্রতিবেদক: মালিক-শ্রমিকের সুসম্পর্ক, পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ আচরণই স্মার্ট বাংলাদেশের ভিত রচনা করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আলোচনা সভায় স্পিকার বলেন, শ্রমিকদের বঞ্চিত করে শিল্পের উন্নয়ন হয় না। কারণ শ্রমিকরা হচ্ছেন কারখানার প্রাণ। কাজেই মালিক-শ্রমিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণের মধ্য দিয়েই দেশে শিল্প-বাণিজ্যের অগ্রগতি হবে এবং দেশ সমৃদ্ধ হবে, মহান মে দিবসে এটাই আমাদের প্রত্যাশা।
স্পিকার আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং বঙ্গবন্ধু মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু মজুরি কমিশন গঠন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুমো পৌতিয়াইনেন, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মাহমুদ চৌধুরীসহ আরো অনেকে।
৬৪ জেলায় মে দিবসের র্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে জানিয়ে সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, আমরা শ্রমিকদের অধিকারে গুরুত্ব দিয়ে থাকি। এ লক্ষ্যে আইন ও বিধি সংস্কার করে একটি যুগোপযোগী বিধিমালা তৈরি করা হয়েছে। ৪২টি শিল্প সেক্টরে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//