Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 02 May 2023 16:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: নতুন ইতিহাসের সম্মুখে দাঁড়িয়ে নেপাল। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাচ্ছে তারা। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে আরব আমিরাতকে ৭ উইকেটে উইকেটে হারিয়ে এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে হিমালয়ের দেশ।

অষ্টম দেশ হিসেবে এশিয়া কাপ খেলতে যাচ্ছে নেপাল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং ও আরব আমিরাতের পর এই কীর্তি স্পর্শ করলো তারা। এবারের আসরে নেপাল খেলবে ভারত ও পাকিস্তানের সাথে, একই গ্রুপে।

এদিকে ম্যাচের ফলাফল যদিও আজ আসে, তবে খেলা মাঠে গড়ায় গতকাল, সোমবার। যেখানে টিইউ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। বল হাতে আরব আমিরাতকে চেপে ধরে তারা, ১০৬ রানেই তুলে নেয় ৯ উইকেট।

কিন্তু এরপরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। স্থগিত হয়ে যায় সোমবারের ম্যাচটি। আজ মঙ্গলবার রিজার্ভ ডে’তে খেলতে নামে দুই দল। আরব আমিরাতে আর মাত্র ১১ রান যোগ করতেই নিজেদের শেষ উইকেট হারায়। তাদের ইনিংস থামে ১১৭ রানে।

আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে আসিফ খানের ব্যাট থেকে। ১৩ রান করেন আরিয়ান লাকড়া। নেপালের হয়ে ৪ উইকেট নেন ললিত রাজবনশী। এছাড়া ২টি উইকেট শিকার করেন সন্দ্বীপ লামিচানে।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি নেপালের। রানের খাতা খুলতেই প্রথম উইকেট হারায় তারা, আর ৮ ওভারে মোটে ২২ রান তুলতেই হারায় আরো ২ উইকেট। এমতাবস্থায় আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করে আরব আমিরাত। দেখা দেয় কঠিন লড়াইয়ের পূর্বাভাস।

তবে তার কিছুই হয়নি, হতে দেননি গুলশান কুমার জার ও ভিম শার্কি। বিশেষ করে গুলশান যেভাবে খেলেছেন, দর্শকেরা তাকিয়ে থেকেছে অবাক নয়নে। ৬ ছক্কায় ৮৪ বলে হার না মানা ৬৭ রান করেন তিনি। সেই রানে ভর করে ৩০.৩ ওভারের মধ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। এছাড়া ৩৬ রান নিয়ে অপরাজিত থাকেন ভিম শার্কি।

বিনিয়োগবার্তা//এমআর//