
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার খালেদার একাংশের পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (০২ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে গেলো ৯ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা।
মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে গেলো ৭ মার্চ আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ৬ জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
(এমআইআর/ ০২ জুলাই ২০১৭)