Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 05 May 2023 19:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে বাংলাদেশের পরিবেশ রক্ষায় সরকারের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ( মে) জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন।

তিনি বলেন, এখন যখন আমি বাংলাদেশের যেসব জায়গায় যাই নদী আর বেশি দেখতে পাই না। দূরে যাওয়ার দরকার নেই ঢাকার পাশেই বুড়িগঙ্গা আগে কেমন ছিল, আর আজকে সেই বুড়িগঙ্গায় কি দেখছি, শীতলক্ষ্যায় কি দেখছি? সরকারের অব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাবে অবস্থা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার উন্নয়নে ঢাক-ঢোল বাজায় সব সময়। কিন্তু নদীকে রক্ষায় নদীকে সঠিকভাবে পরিশুদ্ধ রাখার তাদের(সরকার) কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত চোখে পড়ে না।

মির্জা ফখরুল বলেন, সাভার-ধামরাইতে ছোট ছোট যে নদীগুলো ছিল সেগুলো প্রায় মরে গেছে। আপনারা দেখেছেন যে, তুরাগ নদীর পাশে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় বিভিন্ন ক্লাব গড়ে উঠেছে। সেই ক্লাবগুলো একেবারেই নদীর ওপরে নদী ভরাট করে গড়ে উঠেছে। পানি কমে যাচ্ছে, নদী দখল করা হচ্ছে-এটার বিষয়ে যা কিছু খবর নেবেন-এই সরকারের সঙ্গে যারা জড়িত তারাই এই কাজগুলো করছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। আমরা তো আদার ব্যাপারী জাহাজের খবর দরকার নাই। আমরা বাংলাদেশের মানুষ আমরা বেঁচে থাকবো কি থাকব না, সুস্থ-সুন্দরভাবে আমরা এখানে বাঁচতে পারব কিনা সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশের মানুষকে যদি টিকে থাকতে হয়, ভবিষ্যতকে যদি সুন্দর করতে হয়, ভবিষ্যতকে যদি সত্যিকার অর্থেই জনগণমুখী করতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় জনমুখী সরকার দরকার বলেও মন্তব্য করে বিএনপি মহাসিচব।

বিএনপির বন পরিবেশ বিষয়ক সহ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল কাজী রওনাকুল ইসলাম টিপুর যৌথ সঞ্চালনায় সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সেভ দ্য সুন্দর ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন।

বিনিয়োগবার্তা/এসএএম//