Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 06 May 2023 15:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তান অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। তার ১০৭ রানের ইনিংসে পাকিস্তানের জয় ১০২ রানে। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে পাকিস্তান। 

সেঞ্চুরি করার পথে ওয়ানডেতে  দ্রুততম ৫০০০ রানের রেকর্ড গড়েছেন বাবর। বাবরই প্রথম ব্যাটসম্যান যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করেছেন ৫০০০ রান। বাবরের লেগেছে মাত্র ৯৭ ইনিংস। পাকিস্তান অধিনায়ক ভেঙেছেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। ৫০০০ রান করতে আমলার লেগেছিল ১০১ ইনিংস। ৫০০০ রানের মাইলফলক ছুঁতে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির দুজনেরই লেগেছে ১১৪ ইনিংস। 

৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের বড় সংগ্রহ তোলার পেছনে বড় ভূমিকা রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান আগা সালমান। বাবরের সঙ্গে ১০০ বলে ১১৭ রানের জুটি গড়েছেন সালমান। যে জুটিতে সালমানই ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। ইমাম উল হক বিশ্রামে থাকায় ওপেনিংয়ে সুযোগ পাওয়া শান মাসুদ করেছেন ৪৪ রান। 

টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করা ফখর জামান আউট হয়েছেন ১৪ রান করে। ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান পছন্দের ৪ নম্বর পজিশনে নেমে ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ রান করে ফিরেছেন রান আউটে কাটা পড়ে। শেষ দিকে তিন ছক্কায় শাহিন শাহ আফ্রিদির ৭ বলে ২৩ ও মোহাম্মদ হারিস ৮ বলে ১৭ রানে বড় সংগ্রহ পায় বাবর আজমের দল। 

জবাবে নিউজিল্যান্ডের টপ অর্ডারের কারও বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল। যে কাজটা তারা করতে পারেনি। উইল ইয়ং, টম ব্লাল্ডেল, ড্যারেল মিচেল সবাই ফিরেছেন ভালো শুরুর পর। কিউইদের স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক টম ল্যাথাম ও মিচেল। দুজনে গড়েছিলেন ৮৪ রানের জুটি। কিন্তু সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। কিউইদের ইনিংস থেমেছে ২৩২ রানে।  

বিনিয়োগবার্তা/এমআর//