
ডেস্ক রিপোর্ট: লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে দুই হাজারের বেশি অতিথি ও রাজপরিষদের সামনে ব্রিটেনের রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। শনিবার (৬ মে) ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তার ভাষণের মধ্য দিয়ে রাজার অভিষেক অনুষ্ঠান শুরু করেন। পরে তিনি রাজাকে বাইবেল হাত রেখে শপথ পড়ান।
আর এরই মাধ্যমে ব্রিটেনে নতুন যুগের সূচনা হলো। রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার রাজা হিসেবে অভিষেক হলো তৃতীয় চার্লসের।
চার্লস তার শপথে বলেছেন, ‘আমি চার্লস, ঈশ্বরের সান্নিধ্যে আন্তরিকভাবে এবং আন্তরিকতার সঙ্গে স্বীকার করি, সাক্ষ্য দিই এবং ঘোষণা করি যে, আমি একজন বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট এবং আমি সেই আইনের প্রকৃত অভিপ্রায় অনুসারে যা প্রোটেস্ট্যান্টদের সিংহাসনের উত্তরাধিকার সুরক্ষিত করে তা বহাল রাখব এবং উল্লিখিত আইনগুলোকে আইন অনুসারে আমার সর্বোত্তম ক্ষমতায় বজায় রাখব।’
শপথ গ্রহণের পর তাকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়।
শনিবার দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার। জীবনে একবারই এই মুকুট পরার সুযোগ পেলেন রাজা। ঘণ্টাখানেকের মুকুটটি তার মাথায় থাকবে। মুকুট পরিয়ে দেওয়ার পর শুরু হয় সিংহাসনে আরোহণের পর্ব। ক্যান্টারবেরি ও ইয়র্কের আর্চবিশপ এবং তাদের সহকারীরা রাজাকে সিংহাসনের দিকে নিয়ে যান। এরপর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস।
রাজা-রানির সিংহাসনে বসার মুহূর্তে অ্যাবের ঘণ্টা বাজতে থাকে। পাশে থাকা হর্স গার্ড প্যারেড থেকে দেয়া হয় গান স্যালুট। রাজা সিংহাসনে আরোহণের পর তার ডান হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম।
রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হন। বিশ্বের প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে যোগ দেন।
গত বছরের সেপ্টেম্বরে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা হন।
বিনিয়োগবার্তা/এসএএম//