
নিজস্ব প্রতিবেদক: জাপানে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ফ্লাইটটি সেপ্টেম্বরের ৫-৬ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমানের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুট চালুর জোর উদ্যোগ নেয়ার অংশ হিসেবে এই ফ্লাইট চালু হচ্ছে।
দীর্ঘদিন ধরে জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি করা হচ্ছিল। এরপর রুটটিতে বাণিজ্যিক সফলতা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দেয়ায় গত বছর রুটটি চালুতে তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ।
আরো জানা গেছে, জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এই রুট চালুর ফলে বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিক, দুই দেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সরাসরি জাপান যাওয়া-আসা করতে পারবেন। বর্তমানে তারা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের বলেন, জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি। বিমান সূত্র জানায়, ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইতোমধ্যে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং ও জিএসএ নিয়োগসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নারিতা বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে জাপান এয়ারলাইন্স। ওয়েস্টার্ন অ্যাসোসিয়েটস নামে জাপানের একটি কোম্পানি জিএসএ হিসেবে দায়িত্ব পালন করবে। ঢাকা থেকে নারিতা রুটের দূরত্ব প্রায় সাড়ে ৮ ঘণ্টার। বিমানের টরন্টো, লন্ডন ও ম্যানচেস্টারের পর নারিতাই সবচেয়ে দীর্ঘ রুট হতে যাচ্ছে।
বিনিয়োগবার্তা/টিআর//