Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষক পাঠানোর জন্য কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার (৭ মে) কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন ও শক্তিশালী করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, কমনওয়েলথ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সাহায্য করতে চায়। আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরাও চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।

কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশের নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাক্ষাতে নির্বাচন ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল কানেক্টিভিটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন যে, বাংলাদেশ আগামী জুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিতে চায়। বাংলাদেশ এখন কমনওয়েলথের সঙ্গে ব্যবসাভিত্তিক ইভেন্টে নেতৃত্ব দিচ্ছে। কমনওয়েলথ মহাসচিবও এসব বিষয়ে একমত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রমুখ।

বিনিয়োগবার্তা/টিআর//