
নিজস্ব প্রতিবেদক: মাগুরা- ১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাগুরায় সরকারিভাবে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এখানে যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে মাগুরাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে আরো আন্তরিক হতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার (৭ মে) মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে সব সেবা একই ভবনে সন্নিবেশিত করার জন্য আধুনিক ৬তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন তিনি।
মাগুরায় রেললাইন, মেডিকেল কলেজ, আন্তর্জাতিকমানের স্টেডিয়ামসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে শিখর আরো বলেন, মাগুরায় আইসিটি কলেজ স্থাপনসহ সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের অগ্রযাত্রায় মাগুরায় এরই মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে জনগণের সেবা আরো নিশ্চিত করতে, সদর উপজেলা চত্বরে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। সদর উপজেলা পরিষদে সরকারের সবগুলো বিভাগ একই ছাদের নিচে জনগণকে সেবা দিতে পারবে। এতে করে নাগরিক সেবার মান আরো বাড়বে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিফ-উল হাসান, সদর উপজেলা পরিষদের প্রকৌশলী আব্দুল্লা আল কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম সহ অন্যরা।
বিনিয়োগবার্তা/এসএইচবি//