
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের নভেম্বরে ঢাকা ও চট্টগ্রামে ১০০টি দ্বিতল বিদ্যুৎচালিত বাস চালু করা হবে। বাসগুলো চালু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বুধবার (১০ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাব-রিজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্যা ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, এ বছর নভেম্বর মাসে ঢাকা এবং চট্টগ্রাম সিটির বিআরটিসির বহরে ১০০টি বৈদ্যুতিক ডাবল ডেকার এয়ারকন্ডিশন বাস যুক্ত হবে। যার মধ্যে ঢাকা সিটিতে ৮০টি এবং ২০টি বাস চট্টগ্রামে চলবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ এবং জেলাগুলোর হেড কোয়ার্টারে এই ইলেকট্রিক বাস আমদানি করার প্রক্রিয়া চলছে। এতে আজকের সেমিনারের যে উদ্দেশ্য, সে লক্ষ্য পূরণে কিছুটা হলেও আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের নূন্যতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এই অ্যামবিশনের জন্য নাম্বার ওয়ান রেসপনসিবল হচ্ছে চীন, আমেরিকা ও ভারত। বড় বড় দেশগুলোই আজকে বেশি কার্বন নিঃসরণের ব্যাপারে দায়ী। কিন্তু আমরা ছোট ছোট দেশগুলো সাফার করছি। এই হচ্ছে বিশ্বের অবস্থা।
কর্মশালায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিদুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের কোঅপারেশন ম্যানেজার দানদান চেন, ইউনিসক্যাপের পরিবহন বিভাগের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক বিভাগীয় প্রকৌশলী মাদান বি রেগমি প্রমুখ।
বিনিয়োগবার্তা/ডিএফই//