Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 May 2023 18:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা করেছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। এরমধ্যে এক হাজার ৩০৯টি প্রকল্পের অনুকূলে এ বরাদ্দ দেয়া হয়েছে। এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে যোগাযোগ খাতে প্রায় ৭৬ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বরাদ্দ অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

অনুমোদিত এডিপির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২৮ দশমিক ৮৮ শতাংশ। এ বরাদ্দের মধ্যে ৪৪ হাজার ৫৭১ কোটি টাকা ব্যয় হবে সরকারি তহবিল থেকে এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩১ হাজার ৩৭৩ কোটি টাকা।

পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে। এ বিভাগ বরাদ্দ পাচ্ছে ৩৪ হাজার ৬২ কোটি টাকা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ এডিপিতে বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। যা মোট বরাদ্দের ১৬ দশমিক ৮৮ শতাংশ। এ খাতের বেশিরভাগ ব্যয় হবে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে।

এছাড়া বিদ্যুৎ বিভাগ পাচ্ছে ৩৩ হাজার ৭৭৫ কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়কে ১৪ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়কে দেয়া হয়েছে ৯ হাজার ৪৭৩ কোটি টাকা। সেতু বিভাগের জন্য ৯ হাজার ৬৪ কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ছয় হাজার ৪৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাকি টাকা বরাদ্দ দেয়া হয়েছে প্রতিরক্ষা, কৃষি, পানিসম্পদ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে।

বিনিয়োগবার্তা/এসএএম//