
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) ২০২৩। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ ২৫টিরও বেশি দেশের দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে যোগ দিতে গতকাল বিকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এছাড়া এদিন সকালে ঢাকায় এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওশান কনফারেন্সের আয়োজন করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সম্মেলনের উদ্বোধন করবেন। এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য ‘পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ ফর আ রেজিলিয়েন্ট ফিউচার’।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সর্বশেষ গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন।
গত বুধবার ওশান কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ইন্ডিয়া ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে বিভিন্ন দেশে আইওসি সম্মেলন নিয়মিত আয়োজন করে আসছে। সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ পর্যন্ত মোট পাঁচটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এবারের সম্মেলনে মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতি, ভারত, ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সিশেলস, শ্রীলংকা ও মাদাগাস্কারের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, শ্রীলংকা, জাপান, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া ও আরব আমিরাত থেকে প্রতিমন্ত্রী, সোমালিয়া ও ভিয়েতনাম থেকে উপমন্ত্রী এবং ফিলিপাইন, আমেরিকা, ইরান, কুয়েত, ওমান, থাইল্যান্ড ও জার্মানি থেকে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আজ চারটি প্রাক-সম্মেলন সেশন ও আগামীকাল সারাদিন মন্ত্রী পর্যায়ের চারটি থিমেটিক সেশন হবে। এতে আমন্ত্রিত মন্ত্রী ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//