Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসছে। আর এ কারণে বরিশাল ও চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর ও বরিশাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোখার জন্য ৮ নম্বর মহাবিপৎ সংকেত জারি করেছে। আর এই ৮ নম্বর মহাবিপদ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। এতে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকূল অতিক্রম করবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদী তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভোর পাঁচটা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নিবেন। বরিশাল নদী বন্দরে এখনো বিপদ সংকেতের আওতায় নেই। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//