Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 May 2023 19:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে স্থানীয় সময় আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনয় শিল্পী। পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের ওই হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন নায়ক ফারুক। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরনো বেশ কিছু শারীরিক জটিলতাও। সবশেষ ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান এই অভিনেতা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়।

স্পিকারের শোক: নন্দিত এই চিত্রনায়কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি এই অভিনয় শিল্পীর রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পররাষ্ট্রমন্ত্রীর শোক: গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ফারুক আমাদের মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির জন্য অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে তার অবদান বিশেষ করে তার অভিনয় শৈলী দেশের মানুষ অনেক দিন মনে রাখবে। সংসদ সদস্য হিসেবেও তিনি জনসাধারণের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। মন্ত্রী শোকবার্তায় মরহুম আকবর হোসেন পাঠানের রূহের মাগফিরাত কামনা করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//