
ডেস্ক রিপোর্ট: ইউরোজোনে ২০২৩ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে ইউরোপীয় কমিশন। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে এমন পূর্বাভাস দেয়া হয়। পাশাপাশি একক মুদ্রা প্রচলিত এলাকায় মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে সংস্থাটি। খবর: এএফপি।
খবরে বলা হয়, ইইউ দেশগুলোর নির্বাহীরা গত বছরে দেয়া পূর্বাভাসের তুলনায় আগামীতে কিছুটা আশাবাদী মনোভাবই দেখাচ্ছে। রেকর্ড মাত্রা থেকে মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় কিছুটা স্থির থাকা সত্ত্বেও এমন চিত্র দেখা দেবে বলে তাদের মত। এ সময়ে কমিশন প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ২ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ১ শতাংশে নিয়ে গেছে।
ইইউর অর্থনীতিবিষয়ক কমিশনার পাউলো জেনটিলোনি এক বিবৃতিতে বলেন, ‘গত শরতে যেমনটা পূর্বাভাস দেয়া হয়েছিল তার তুলনায় ইউরোপীয় অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। দেশে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা, উল্লেখযোগ্য স্থিতিস্থাপক শ্রমবাজার এবং সরবরাহের সীমাবদ্ধতা কমিয়ে আনার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। এর মধ্য দিয়ে আমরা শীতকালীন মন্দা এড়াতে সক্ষম হই এবং চলতি বছর ও আগামী বছর তুলনামূলক ভালো প্রবৃদ্ধি অর্জনের পথে অগ্রসর হই।’
একক মুদ্রা প্রচলিত এমন ২০টি দেশেও ২০২৪ সালে প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ১ পয়েন্ট বাড়িয়ে ১ দশমিক ৬ শতাংশ করেছে ব্রাসেলস। ২০২৩ সালে ২৭টি দেশের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস পুরোপুরি বৃদ্ধি করেছে ইইউ। তার পরও তা ইউরোজোনের ১ শতাংশের কাছাকাছির থেকে কিছুটা কমই রয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//