
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তা এই ইস্যুতে ভুল তথ্যের ভিত্তিতে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। আমরা এর যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি, আমার মনে হয় এটা এখানেই শেষ হওয়া উচিত। এ বিষয়ে আর কোনো নতুন প্রশ্নের উদ্ভব হবে না।
প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয়, তাদের থেকে কোনো কিছু কিনবো না। তারপরও যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র নীতিতে কখনো পূর্ব ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় না। যদি সরকার প্রধানের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসে, তবে আমরা সেটা বাস্তবায়ন করবো। সামনের দিন বলে দিবে কি হবে বা কি হতে যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদিআরবসহ ছয় দেশের রাষ্ট্রদূত বাড়তি পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন। এখন থেকে তারা এটা পাবেন না।
বিনিয়োগবার্তা/এনএএস//