Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 21 May 2023 15:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার কাজ চলছে। রোববার সকাল ৭টা থেকে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে আসা দুটি রিলিফ ট্রেন এ উদ্ধার কাজ শুরু করে। 

ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনসহ বগি উদ্ধার কাজ চলায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

এর ফলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন রোববার সকাল ৭টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘কিছু সময়ের জন্য সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ আছে। শনিবার পড়ে যাওয়া তিনটি বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’ তবে কত সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাননি তিনি।

শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘আন্তঃনগর কালনী ট্রেন অপেক্ষায় আছে শমশেরনগর স্টেশনে। লাইন ক্লিয়ার হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।’

শনিবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার রাত ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

বিনিয়োগবার্তা/টিআর//