
খেলাধূলা ডেস্ক: ১০ দলের আইপিএলে সেরা চার বাছতে ৭০ ম্যাচের অপেক্ষা।
রবিবার (২১ মে) চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফ নিশ্চিতের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ চারের লাইন আপ।
এবারো শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এছাড়া দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে ধোনির চেন্নাই সুপার কিংস। এরপর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
আর সর্বশেষ জায়গাটির জন্য লড়াইয়ে ছিল দুই দল-মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার দিনের প্রথম ম্যাচে ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েও স্বস্তিতে ছিল না রোহিত শর্মার মুম্বাই। তাদের প্লে-অফ ভাগ্য নির্ভর করছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপর।
সমীকরণ ছিল এমন, ম্যাচটিতে কোহলিরা জিতলে ছিটকে যাবে মুম্বাই, আর গুজরাট জিতলে প্লে-অফের টিকিট পাবে রোহিত শর্মার দল।
বাঁচা-মরার ম্যাচে এদিন কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল বেঙ্গালুরু। তবে কোহলির রেকর্ডগড়া শতকের জবাব শতক দিয়েই দিলেন গুজরাটের ওপেনার শুভমান গিল। তার অপরাজিত ১০৪ রান ও বিজয় সংকরের অর্ধশতকের ওপর ভর করে বেঙ্গালুরুর দেওয়া ১৯৮ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই পার করে টেবিল টপার গুজরাট।
হার্দিক পান্ডিয়ার দলের এই জয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় কোহলির আরসিবি। অন্যদিকে, চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
বিনিয়োগবার্তা/এনএএস//