
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ক্ষুদ্র মৎস্য শ্রমিকদের অধিকার সুরক্ষিত করার সুপারিশ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের কাজকর্মে নানাবিধ অভিযোগ ও অনিয়ম পরিহার করে দূর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কমিটির পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করা হয়।
সোমবার (২২ মে) একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম এই বৈঠক কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মোঃ শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার এবং মোছাঃ শামীমা আক্তার খানম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘চিড়িয়াখানা বিল, ২০২৩’, মিরপুর চিড়িয়াখানা ও সাভারস্থ বিএলআরআই এর কাজের মান উন্নয়ন, মৎস্য সম্পদ উন্নয়নে মাছ ধরার শ্রমিকদের অধিকার সুরক্ষিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‘চিড়িয়াখানা বিল, ২০২৩’, আরো পরীক্ষা-নীরিক্ষাপূর্বক পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মিরপুর চিড়িয়াখানা ও সাভারস্থ বিএলআরআই এর কাজের মান উন্নয়নসহ মন্ত্রণালয়ের দূর্নীতি প্রতিরোধকল্পে বিভিন্ন অধিদপ্তরের ক্রয় এবং নিয়োগ প্রক্রিয়া যথাযথ ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রতি অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//