Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিবিসিসিআই) এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে এক বৈঠকে কানাডার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনা এবং কিভাবে বাংলাদেশী রপ্তানিকারকগন ১৭-১৯ নভেম্বর, ২০২৩ টরেন্টো’তে অনুষ্ঠিতব্য “সিবিসিসিআই ট্রেড এক্সপো ২০২৩” শীর্ষক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে আরও ব্যবসার সুযোগ পেতে পারেন, তা নিয়ে আলোচনা করেন।

কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিবিসিসিআই) এর নির্বাহী সহ-সভাপতি আরিফ রহমানের নেতৃত্বে সিবিসিসিআই এর একটি প্রতিনিধি দল কানাডায় পোশাক রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে এই বৈঠক করেছেন।

২২ মে ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে সিবিসিসিআই এর কান্ট্রি ডিরেক্টর ফারজানা আলী এবং প্রদর্শনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ কানাডায় তৈরি পোশাকের রপ্তানি,  বিশেষ করে জ্যাকেট, আওটার ওয়্যার, টেকনিক্যাল টেক্সটাইল আইটেম এবং অন্তর্বাসের মতো উচ্চ মূল্যের পোশাক পণ্যের রপ্তানি বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, বিজিএমইএ কানাডার মতো বিদ্যমান বাজারগুলোতে ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদীয়মান বাজার অনুসন্ধানে পোশাক রপ্তানিকারকদের সহায়তা প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, “বিজিএমইএ তার সদস্যভূক্ত পোশাক কারখানাগুলোকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে সহায়তা প্রদান করে থাকে, যাতে করে তারা নতুন ক্রেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে এবং তৈরি পোশাক, বিশেষ করে জটিল এবং উচ্চমূল্যের পোশাক  তৈরিতে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা প্রদর্শন করতে পারে।” 
 
ফারুক হাসান মেলা আয়োজনের জন্য সিবিসিসিআই’কে ধন্যবাদ জানিয়ে বলেন,  বাণিজ্য মেলা কানাডার সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারকরণ এবং কানাডার বাজারে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করে দিবে।

তিনি কানাডার শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকারের সর্বোত্তম ব্যবহারের জন্য  কানাডার বাজারের উপর নজর আরও বাড়ানোর ওপর জোর দেন।

তিনি সিবিসিসিআই’কে উল্লেখিত বানিজ্য মেলায় বিজিএমইএ সদস্য কারখানাগুলোর অংশগ্রহনের বিষয়ে বিজিএমইএ এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস দেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//