
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ভবিষ্যতে মূল দক্ষতা হবে শিখতে পারার দক্ষতা। সেই ভবিষ্যতের জন্যই আমাদের শিক্ষার্থীদের তৈরি করছি। সেখানে একজন শিক্ষার্থীর যোগাযোগ ও সূক্ষ্ম চিন্তার দক্ষতা, সমস্যার সমাধান ও অনেকের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে। যে শিক্ষার্থী যত সৃজনশীল হবে, তার দক্ষতা তত বেশি হবে।
সোমবার (২২ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় দিবসগুলোতে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে এসেছি। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নতুনভাবে করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে সব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।
তিনি আরো বলেন, আমাদের ফলাফল নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। না হলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ আমরা ধরতে পারব না। আজ একজন শিক্ষার্থী মুখস্থ করে ভালো ফল করলেও শিল্প বিপ্লবের পর্যায়ে এসে তাকে নতুন করে শিখতে হবে। না হলে সে টিকে থাকতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাউশি পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী প্রমুখ।
বিনিয়োগবার্তা/এনএএস//