Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 May 2023 17:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু নদীপথের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি সাড়ে তিন বছরে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। অথচ ২০০৭ সাল অব্ধি কিন্তু ড্রেজারের সংখ্যা বাড়েনি। নদী নিয়ে আর কেউ ভাবেননি।

মঙ্গলবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে নৌ নিরাপত্তা দিবস উপলক্ষে নোঙ্গর ট্রাস্ট আয়োজিত ‘নদী আমাদের মা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার ইশতেহারে উল্লেখ করেছেন, ১০ হাজার কিলোমিটার নদীপথ তৈরি করা হবে এবং তা বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি বিশ্বাস করতেন দেশ এবং দেশের নদীগুলো আমাদের মা। সেই নদীর নিরাপত্তায় আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা প্রতিরোধে অন্যতম সহায়ক হিসেবে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেকোনো বিপদ মোকাবিলায় তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দুর্ঘটনা প্রতিরোধে কাজ করবে।

তিনি বলেন, আমাদের কারিগরি নকশায় কিছু দুর্বলতা ছিল। এজন্য বিভিন্ন দেশ থেকে নকশা আনা হয়েছে। আমাদের একটি মাত্র লাইটহাউজ ছিল, এখন তিন থেকে চারটি লাইটহাউজ নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক জাহাজের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে।

নোঙ্গর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও নদী গবেষক তোফায়েল আহমেদ, বাপার যুগ্ম-সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএইচবি//