Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, তরুণরা হচ্ছে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ আগামী বছরগুলোতে তারাই হবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি।

তিনি বলেন, একটি উন্নত দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশকে শ্রমভিত্তিক  অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হতে হবে, যেখানে তরুণরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, “আমাদের তরুণরা যাতে করে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতিতে পরিণত করার ক্ষেত্রে নেতৃত্ব  দিতে পারে, সেজন্য যুগোপযোগী জ্ঞান ও  দক্ষতা দিয়ে তাদেরকে মানব সম্পদে পরিনত করার জন্য বিনিয়োগ করতে হবে।”

মঙ্গলবার (২৩ মে, ২০২৩) বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর খেলার মাঠে অনুষ্ঠিত ৫ম  বিইউএফটি ইন্ট্রাব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটি এর বোর্ড অব ট্রাষ্টিজ এর চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি এবং বিইউএফটি এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জি: আইয়ুব নবী খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ)  ও বিইউএফটি এর ট্রাষ্টি বোর্ডের সদস্য খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি ও বিইউএফটি এর ট্রাষ্টি বোর্ডের সদস্য মোঃ মশিউল আজম (সজল) এবং বিজিএমইএ এর পরিচালক ও বিইউএফটি এর ট্রাষ্টি বোর্ডের সদস্য মোঃ সাজ্জাদুর রহমান মৃধা (শিপন)। 

প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, এখন বিশ্ব ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য প্রযুক্তি (আইটি), রোবোটিক্স এর ব্যাপক প্রভাব রয়েছে।

“প্রযুক্তির এই মহা বিপ্লবের যুগে আমাদের শিক্ষার্থীরা যাতে করে যথাযথভাবে পারফর্ম  করতে সক্ষম হয়, সেজন্য শিক্ষার্থীদের যথাযথভাবে প্রশিক্ষিত এবং দক্ষ হতে হবে।”
 
যুব উন্নয়নে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতারই বিকাশ ঘটায় না, তাদের মধ্যে পারস্পরিক বন্ধনও মজবুত করে।

বিইউএফটি এর ব্যাচ-২০১ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিশ্ববিদ্যালয়ের ব্যাচ-২২২ কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//