Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 May 2023 17:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা সমতল ভূমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছি। বিভিন্ন ধরনের ভর্তুকি দিয়ে যাচ্ছি। সার্বিকভাবে গত ১৪-১৫ বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব ভালো রয়েছে।

বুধবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনের অডিটোরিয়ামে ‘হাথওয়ে টু প্রোসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের মোট ভূমির ২৫ শতাংশ উপকূলীয় অঞ্চল। এসব অঞ্চলে শস্য উৎপাদনের পরিবেশ প্রতিকূল। এখানে সারাবছর মাত্র একটি শস্য উৎপাদন করতে পারে। এছাড়া এ অঞ্চলের বেশিরভাগ ভূমি অনাবাদি থাকে। লবণাক্ততা উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা। এছাড়া হাওড় অঞ্চলেও বছরে একটি ফসল উৎপাদন হয়। এসব অঞ্চলের বেশিরভাগ জমি সারাবছর অনাবাদি থাকে। তা সত্ত্বেও সারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব ভালো।

তিনি আরো বলেন, এখনো বাংলাদেশের ৬০-৭০ শতাংশ জনগণ গ্রামে বসবাস করে এবং তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। বর্তমানে আমরা শাকসবজি-ফলমূল উৎপাদনে গুরুত্ব দিচ্ছি। ২০০৮-০৯ সালে দেশে মোট শাকসবজি উৎপাদন হয় তিন মিলিয়ন টন। চলতি বছরের রিপোর্ট অনুযায়ী, আমরা ২২ মিলিয়ন শাকসবজি উৎপাদন করেছি। ১৩ বছরে আমরা শাকসবজি উৎপাদন ১৯ মিলিয়ন টন বাড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ইনস্টিটিউট ডিভিশনের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, এমডি ড. নমীতা হালদার প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//