Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 May 2023 17:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন’ প্রকল্পের উন্নয়নে তিন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫১১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৩০৮ টাকা।

বুধবার (২৪ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো গণমাধ্যমে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথ উদ্যোগে কোরিয়ার চিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ইয়োশিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টস লিমিটেড বিডিকে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পে মিরসরাই-২এ অর্থনৈতিক অঞ্চল এলাকায় ১০ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা এবং ১৬ দশমিক ৫৫৭ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণকাজ যৌথ উদ্যোগে চীনের সিসিইসিসি ও সিআরসিসির কাছ থেকে ২৩৭ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬৮৮ টাকায় কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পে মিরসরাই-২বি অর্থনৈতিক অঞ্চল এলাকায় ১২ দশমিক ১০ কিলোমিটার রাস্তা এবং ১২ দশমিক ৮৬১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণকাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছ থেকে ২১৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ২৪৫ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএইচবি//