Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 May 2023 19:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: উদ্দেশ্যমূলক মিথ্যাচার ও বানোয়াট প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) পরিচালনা পর্ষদ।

গত ১৬ মে মঙ্গলবার বিবিসিসিআই’র এক বোর্ড সভায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে সংগঠনটি।  

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু। সভায় চেম্বারের ৩২ জন ডাইরেক্টরের মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন।

সভায় আলোচ্যসূচির ১২ নম্বরে ছিলো - ‘ডাইরেক্টরের বিরুদ্ধে অভিযোগ ও ভবিষ্যৎ করণীয়’। মূলত বিবিসিসিআই-এর ডাইরেক্টর জেনারেল আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে উঠা কয়েকটি অভিযোগ নিয়ে করণীয় নির্ধারণে এই এজেন্ডা আনা হয়।

বোর্ড সভাটি পরিচালনা করছিলেন ডাইরেক্টর জেনারেল (ডিজি) আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামান। সভায় অন্যান্য এজেন্ডার আলোচনা ঠিকঠাক শেষ হয়। কিন্তু ১২ নম্বর এজেন্ডায় থাকা ‘ডাইরেক্টরের বিরুদ্ধে অভিযোগ ও ভবিষ্যৎ করণীয়’ সম্পর্কে আলোচনা যখন চলছিলো তখন সভাস্থল ত্যাগ করে চলে যান শাহগির বখত ফারুক, বশির আহমদ ও ওয়ালি তসর উদ্দিন। তাদের সাথে ডিজি আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামানও প্রেসিডেন্ট কিংবা বোর্ডের কোনো অনুমতি না নিয়ে সভা ত্যাগ করে চলে যান।

উপস্থিত বাকী ডাইরেক্টররা আলোচনা চালিয়ে যান। তাঁরা একমত হন যে, অন্য ডাইরেক্টররা সভা ত্যাগ করতে পারলেও ডিজি’র দায়িত্বে থেকে বোর্ডের বা প্রেসিডেন্টের অনুমতি ছাড়া আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামান বোর্ড সভা ত্যাগ করতে পারেন না। এটা ডিজি হিসেবে তাঁর দায়িত্বের ‘চরম লঙ্ঘন’ (গ্রস মিসকন্ডাক্ট)। যে কারণে বোর্ডে ভোটাভুটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে নুরুজ্জামানকে ডিজি’র পদ থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। চারজন ডাইরেক্টর ভোট প্রদানে বিরত ছিলেন।

বোর্ড সভায় তাৎক্ষণিকভাবে দেওয়ান মাহাদিকে নতুনি ডাইরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে দায়িত্ব দেয়া হয়। ডাইরেক্টর দেওয়ান মাহাদি এর আগে ডেপুটি ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বোর্ডের এসব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে উঠা ৪টি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তে ডাইরেক্টর মহিব চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী বোর্ড সভায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে আগামী বোর্ড সভায় আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামানের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বিবিসিসিআই।

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, এই বোর্ড সভা ও সিদ্ধান্তকে ঘিরে একটি মোবাইল নম্বর থেকে নাম গোপন রেখে অন্যায়ভাবে বিবিসিসিআই ও এর ডাইরেক্টরদের নিয়ে নানা মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। কিছুদিন আগে বিবিসিসিআই-এর ডাইরেক্টর মুসলেহ আহমদের বিরুদ্ধে একইভাবে নানা মিথ্যাচার ও কুৎসা রটানোর চেষ্টা করা হয়েছে। 

পরিচয়হীন ব্যক্তির এসব উদ্দেশ্যমূলক মিথ্যাচার ও বানোয়াট প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংগঠনের সন্মানিত সদস্য ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

পরিচয় গোপন রেখে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও মানহানিকর এসব তথ্য প্রচারকারীকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে বিবিসিসিআই।

বিনিয়োগবার্তা/ডিএফই/কেএইচকে/এসএএম//