Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 31 May 2023 16:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগীর ভর্তির রেকর্ড। এর আগের দিন মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৮৪ জন। যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ। যদিও এদিন আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন। যেখানে গত মাসে মোট আক্রান্ত হয়েছিলেন ১৪৩ জন।  

বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি  হাসপাতালে সর্বমোট ২৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন। আর অন্যান্য বিভাগে মোট ভর্তি রয়েছেন ৪১ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।  তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৯ জন রোগী রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি রয়েছেন ৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ২২ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক হাজার ৭২৬ জন। আর  চলতি বছরে  ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ জনের।

বিনিয়োগবার্তা//এমআর//