
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সরকারি সফরে শুক্রবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে সফররত তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং-বিজি ২০৭) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও সফরসঙ্গীদের নিয়ে গতকাল ভোর ৪টা ৩০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে অবতরণ করে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
আঙ্কারা বিমানবন্দরে পৌঁছলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এ সময় তুরস্কের প্রটোকল প্রধান গোনেচ আচিকোলুসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ ৩ জুন বিকাল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
তুরস্ক সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোগানের আয়োজনে একটি নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি। এছাড়া তার উচ্চপর্যায়ের গণ্যমান্যদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।
তুরস্ক ভ্রমণকালীন রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেল’-এ অবস্থান করবেন।
৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিনের।
বিনিয়োগবার্তা/ডিএফই//