Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 04 Jun 2023 11:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর শনিবার (৩ জুন) তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শপথ নেয়ার পরপরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি।

নতুন মন্ত্রীসভাতে স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া আগের প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন এরদোয়ান। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

আল জাজিরা জানায়, নতুন মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিমসেক। সে সময় দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

তবে এবার বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। তুরস্কে বছরের পর বছর ধরে চলা নীতি থেকে বের হয়ে এসে উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কম রাখা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসাই হবে তার মূল কাজ।

এছাড়া নতুন এই মন্ত্রিসভায় এরদোয়ানের গোয়েন্দা প্রধান এবং সাবেক সৈনিক হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে পরিচিত হাকান ফিদান, ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিয়েছেন এবং তারও আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরদোয়ানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া আঠার সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া, শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, যিনি তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল, আর আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি।

অন্যদের মধ্যে পরিবার ও সমাজসেবামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি, যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন, স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকাকে বেছে নেয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//