
নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ জ্বালানিতে বরাদ্দ বাড়ানো উচিত। সে ক্ষেত্রে প্রয়োজনে যোগাযোগ বিভাগ থেকে বাজেট কমিয়ে জ্বালানিতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, এখন সব রাস্তাঘাট পাকা। তাই এ বছর যোগাযোগ খাতে ৮৭ হাজার কোটি টাকা থেকে কিছু কমালেও সমস্যা নেই।
রোববার (১১ জুন) গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
জসিম উদ্দিন বলেন, জ্বালানি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কয়লা, ডিজেল, ফার্নেস ওয়েল, এলএনজি সবকিছুই এখন আমদানি করতে হয়। তাই এ খাতে খরচ বেড়েছে। তাই শিল্পায়নের জন্য জ্বালানি সরবরাহে বরাদ্দ বাড়ানো উচিত।
জ্বালানি দিতে পারলে আগামীতে ১০০টি অর্থনৈতিক জোনে বিদেশি বিনিয়োগ আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই মূল্যস্ফীতি এবং জ্বালানিকে প্রাধান্য দিয়ে বাজেট ঠিক করতে বলেন এ ব্যবসায়ী নেতা।
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর এতে অনান্যের মধ্যে বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//