Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Jun 2023 17:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় টিটিসি (কারিগরি-প্রশিক্ষণ কেন্দ্র) স্থাপন করবে। দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

রবিবার (১১ জুন) নওগাঁর রানীনগর উপজেলা সদরে নবনির্মিত টিটিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই। দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয়েছে। তাদের দক্ষতা উন্নয়নে সরকার নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, টিটিসির মতো প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে, যেন এখান থেকে প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ ও প্রশিক্ষিতদের বিদেশে পাঠানো সম্ভব হয়।

ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ সেই সুবিধা শতভাগ ভোগ করছে। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএইচবি//