Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 12 Jun 2023 11:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: বিগত বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে শ্রীলংকা। আলোচ্য সময়ে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যায়। বেড়ে যায় খাদ্য ও জ্বালানির দাম। আর এমেতাবস্থায় বিক্ষোভকারী জনতা দেশটির তৎকালীন প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। সব মিলিয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে পতিত হয় ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি।

সংকট কাটিয়ে উঠতে প্রাথমিকভাবে শ্রীলংকার সরকার গত বছর থেকে সামুদ্রিক খাবার, ইলেকট্রনিকস, বাদ্যযন্ত্রসহ ৩ হাজার ২০০টিরও বেশি পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কোটি ডলারের বেইল আউট সহায়তা পায়।

সংকটজনক সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে শুরু করেছে দেশটি। সম্প্রতি ২৮৬টি পণ্যের ওপর থেকে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে শ্রীলংকার সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার সম্ভাবনায় আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সরকার। শুক্রবার মধ্যরাত থেকে এসব পণ্যের আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

গত বছর বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলা ও অর্থনীতিকে স্থিতিশীল করতে বিভিন্ন পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয় দেশটি। এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ হ্রাস, অভ্যন্তরীণ উৎপাদন ও স্থানীয় শিল্পকে সমর্থন করা। বতর্মানে বেশকিছু পণ্যের ওপর আমদানির বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত থেকে বোঝা যায় সংকট মোকাবেলায় অগ্রগতি ও বৈদেশিক মুদ্রার প্রাপ্যতার ক্রমবর্ধমান উন্নতি ঘটছে তাদের।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ার পর পরিস্থিতি সামলে নিতে সরকার সামুদ্রিক খাবার, ইলেকট্রনিক পণ্য এমনকি বাদ্যযন্ত্রসহ ৩ হাজার ২০০টিরও বেশি পণ্যের আমদানি সীমিত করে। আইএমএফের থেকে ২৯০ কোটি ডলারের বেইলআউট পায়। এরপর ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে কাজ শুরু করে দেশটি।

প্রতিবেদন অনুসারে, শ্রীলংকার রিজার্ভ মে মাসে ২৬ শতাংশ বেড়ে ৩৫০ কোটি ডলারে পৌঁছেছে। ১৭ মাসের সর্বোচ্চ এ বৃদ্ধির নেপথ্যে শক্তিশালী ভূমিকা রেখেছে রেমিট্যান্স প্রবাহ ও পর্যটন আয়। তাছাড়া চলতি বছর শ্রীলংকার রুপির মান প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অর্থনীতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার মধ্যরাত থেকে ২৮৬টি পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তবে বিবৃতিতে জানানো হয়, যানবাহন আমদানিসহ ৯২৮টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, যা ২০২০ সালের মার্চে নিষিদ্ধ করা হয়েছিল। তাছাড়া চলতি সপ্তাহ থেকে ৬০টি প্রয়োজনীয় ওষুধের দাম ১৬ শতাংশ কমিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

সংকট প্রশমিত হওয়া সত্ত্বেও সেপ্টেম্বরের মধ্যে ঋণদাতাদের সঙ্গে ঋণবিষয়ক আলোচনা শেষ করতে হবে শ্রীলংকাকে। এছাড়া পুনরুদ্ধারকে টেকসই পথে রাখার জন্য অর্থনীতির প্রধান প্রধান ক্ষেত্রেও সংস্কার বাস্তবায়ন করতে হবে। গত বছরের ৭ দশমিক ৮ শতাংশ সংকোচনের মুখে পড়ে শ্রীলংকার অর্থনীতি। আইএমএফ মনে করছে, চলতি বছর দেশটির অর্থনীতি ৩ শতাংশ সংকোচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদিও শ্রীলংকার সরকার আগামী বছর প্রবৃদ্ধিতে ফিরে আসার পূর্বাভাস দিয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//