
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘তামাকমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজে ধূমপানের দৃশ্য প্রদর্শন বন্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (১২ জুন) সচিবালয়ে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।
তথ্য সচিব বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ অনুসারে, বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করবেন না বা করাবেন না মর্মে বলা হয়েছে, যা অবশ্য পালনীয়।
তিনি আরো বলেন, আগামীতে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন রোধে সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশনা দেওয়া হবে। নাটক ও চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শন বন্ধে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- মানসের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, প্রজেক্ট কোর্ডিনেটর উম্মে জান্নাত, প্রজেক্ট অফিসার মো. আবু রায়হান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//