
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, এক সময় ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য অনেক রোগী বিদেশে পাড়ি জমাতেন। এতে প্রচুর সময়-অর্থ খরচ হতো। এখন বাংলাদেশেই ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্ভব।
সোমবার (১২ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ও কিডনি এবং কার্ডিয়াক ইউনিট স্থাপনের উদ্দেশ্যে ১৫তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, সরকার সব সেক্টরে উন্নয়নের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করেছে। এতে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে হচ্ছে না। এখন দেশের সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের মতো জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, জটিল রোগের চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশের আটটি বিভাগীয় সদরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপিত হচ্ছে। এর পাশাপাশি নেফ্রোলজি ও ডায়ালাইসিস ইউনিট এবং হৃদরোগের আধুনিক চিকিৎসার জন্য কার্ডিয়াক ইউনিট স্থাপিত হবে।
নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিনিয়োগবার্তা/এনএএস//