
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের দ্বারপ্রান্তে এসে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ডেল্টা প্রকল্প বাস্তবায়ন করতে হলে সুস্থ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে বাল্যবিবাহ নিরোধ, মাতৃমৃত্যু এবং শিশু ও নারীদের ওপর সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। নির্দিষ্ট সময়ের মাঝে লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৩ জুন) সংসদ ভবনে কেবিনেট কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘অ্যাডভোকেসি প্ল্যান টু অ্যাচিভ আইসিপিডি থ্রি জিরোস’ শীর্ষক কর্মশালায় এ সব কথা বলেন মো. শামসুল হক টুকু।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বিএপিপিডির পপুলেশন ডায়নামিক্স এবং ইয়ুথ ডেভেলপমেন্ট সাব কমিটির আহ্বায়ক মাহবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।
২০৩০ সালের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (আইসিপিডি) প্রণীত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি লক্ষ্যমাত্রা, যথা-১) জিরো ‘আনমেট নিড’ ফর ফ্যামিলি প্ল্যানিং, ২) জিরো জেন্ডার বেইজড ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্রাক্টিসেস ইনক্লুডিং চাইল্ড ম্যারিজ এবং ৩) জিরো প্রিভেন্টেবল ম্যাটের্নাল ডেথস অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা বিষয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কর্মশালার সহ-সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কর্মশালার সহ-সভাপতি আ.স.ম ফিরোজ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বক্তব্য দেন।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, মো. নজরুল ইসলাম বাবু, মো. হাবিবে মিল্লাত, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, উম্মে কুলসুম স্মৃতি, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, আদিবা আনজুম মিতাসহ সংসদ সদস্যরা।
বিনিয়োগবার্তা/কেএম//