
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের মে মাসে সৌদি আরবে মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। ২০২২ সালের মে মাসে মুদ্রাস্ফীতি ছিল ২ দশমিক ২ শতাংশ।
মূল্যস্ফীতির পেছনে প্রধান কারণ ছিল আবাসন খাতে দাম বাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়া। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস (জিএএসটিএটি)। খবর আরব নিউজ।
পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যানুযায়ী, আবাসন, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মে মাসে বছরওয়ারি দাম বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। একই সময়ে দশমিক ৯ শতাংশ বেড়েছে খাদ্য ও পানীয়ের দাম।
দেশটিতে মূল্যস্ফীতি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কয়েক মাস থেকেই দৃশ্যমান। মার্চ ও এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৭ শতাংশ। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ছিল যথাক্রমে ৩ দশমিক ৪ ও ৩ শতাংশ।
চলতি বছরের মে মাসে বছরওয়ারি বাড়ি ভাড়া বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ। বিপরীতে অ্যাপার্টমেন্ট ভাড়া বেড়েছে ২৩ দশমিক ৭ শতাংশ। জিএএসটিএটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাসা ভাড়া বৃদ্ধিই ছিল মে মাসে মূল্যস্ফীতি বাড়ার প্রধান অনুঘটক। সৌদি আরবের ভোক্তাদের মধ্যে এর প্রভাব পড়েছে বেশি।’
বিনিয়োগবার্তা/এমআর//