Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়াও মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

সোমবার ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার সই করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

এতে আর বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া, অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চালু রাখা হয়েছিল। সেদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করে মেট্রোরেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।

এই নয়টি স্টেশন হল- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।

বিনিয়োগবার্তা/এএইচএস//