Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Jun 2023 10:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজন মায়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে টেকনাফ বিজিবি। এসময় একটি নৌকাও জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

১৯ জুন দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং সাবরাং বিওপি হতে বিজিবি'র দুইটি টহলদল সীমান্তে অবস্থান নেয়। 

একটি টহলদল বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং অপর টহলদলটি নাফ নদীতে টহলরত অবস্থায় থাকে। আনুমানিক রাত ০১.৪৫ মিনিটে নৌ টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহখালের দিকে আসতে দেখে নৌকাটিকে চ্যালেঞ্জ করে। 

বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাবার চেষ্টাকালে টহলদল তাদের মধ্য থেকে একজনকে আটক করতে সক্ষম হয়। অপর দুইজন সাঁতার দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি'র নৌ টহলদল নৌকাটিকে নাফ নদীর তীরে এনে তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় কালো পলিব্যাগে মোড়ানো একটি পোটলা হতে ৩.১৬১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ নুরুন্নবী (২৭), পিতা-মৃত জহির আহমদ, মাতা-মৃত ছবুরা বেগম, গ্রাম-সুদাপাড়া, থানা-মংডু, জেলা-মংডু, মায়ানমার বলে জানা যায়। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনিয়োগবার্তা/টিআর/