Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০২৩ পাস হয়েছে। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। এরপর তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি উত্থাপন করে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি পাস হলে দেশে একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর বিধান অনুযায়ী একটি ব্যাংকের তিনজনের বেশি পরিচালক একই পরিবারের হতে পারবেন না। আইনে বলা হয়েছে, বর্তমানে একটি পরিবার থেকে চারজন পরিচালক থাকতে পারেন, তবে এটি এখন সর্বোচ্চ তিনজনে নামিয়ে আনা হয়েছে। এছাড়া, আইনে ব্যাংক থেকে বোর্ড সদস্যদের ঋণ নেয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থার বিধান রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে এবং তাদের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

কোনো ব্যাংক সময়মতো ঋণ খেলাপিদের তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে ব্যর্থ হলে ব্যাংকটিকে ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে। প্রতিদিন বিলম্বের জন্য ব্যাংককে অতিরিক্ত ১ লাখ টাকা জরিমানা গুণতে হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নিবন্ধকের অধীনে তাদের ট্রেড লাইসেন্স প্রদান এবং কোম্পানির নিবন্ধন সংক্রান্ত কঠোর বিধান রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপির তালিকা থেকে বাদ পড়ার পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একজন ইচ্ছাকৃত খেলাপি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্য হবেন না। কোনো ব্যাংকের কোনো পরিচালক ইচ্ছাকৃত ঋণ খেলাপি হলে বাংলাদেশ ব্যাংক তার পদ শূন্য ঘোষণা করতে পারে।

আইনে বলা হয়েছে, আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ পরিশোধে ব্যর্থ হলে তা ইচ্ছাকৃত খেলাপি বলে গণ্য হবে।

বিনিয়োগবার্তা/এমআর//