Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মোখলেছুর রহমান তারা (৭০) কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ধোপাখলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। 

সে নকলা পৌরসভার কুর্শা বাদাগৌর এলাকার মৃত ময়েজ উদ্দিন আহমেদ এর পূত্র এবং নকলা পৌরসভার সাবেক মেয়র ছিলেন তিনি। 

২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে দীর্ঘসময় ধরে আত্মগোপনে চলে যায় এবং সে গ্রেফতার এড়াতে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। পরবর্তীতে তাকে গ্রেফতারে র‌্যাব-১৪ ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ২১ জুন ২০২৩ ইং বুধবার বেলা সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অপারেশন ও মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) মোঃ আনোয়ার হোসেন এর দেয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের সময় শেরপুরের নকলা উপজেলার নকলা হাইস্কুলে পাকিস্থানী হানাদার বাহিনীরা মোঃ মোখলেছুর রহমান তারা সহ কতিপয় রাজাকারের সহায়তায় ক্যাম্প স্থাপন করেন। তার নেতৃত্বে কতিপয় রাজাকার নকলা গ্রামের সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে এসে ঐ ক্যাম্পে অমানবিক নির্যাতন ও হত্যা করতো। 

এছাড়াও ১৯৭১ সালের ২১ জুলাই গভীর রাতে তার নেতৃত্বে বিবির চর গ্রাম থেকে সোহরাব উদ্দিন সহ তার শ্যালক কুদ্দুস এবং কুদ্দুসের চাচাতো ভাই মোবারক আলীকে জোরপূর্বক তুলে নিয়ে তাদের হত্যা সহ বাড়ীঘরে আগুনে পুড়িয়ে দেয়। 

এরপর ১৯৭১ সালের ২৭ আগস্ট বিকালে মুক্তিযোদ্ধের সংগঠক মোঃ শাহজাহান আলী সজু নামাজ শেষে নকলা বাজারের দিকে আসার পথে তারার নেতৃত্বে তাকে জোরপূর্বক টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন চালায়।

এরই প্রেক্ষিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মহান মুক্তিযোদ্ধের সময় তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরন, আটকে রেখে নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলা নং- ১১/২০১৬।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মোখলেছুর রহমান তারা আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে প্রেরন করা হবে।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//