Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 23 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার প্রান্তিক জনগণের স্বার্থ বিবেচনায় ভর্তুকি দিয়ে থাকে। তবে ভর্তুকি প্রদান কোনো দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে না। সে কারণে এবার কয়েকটি খাতে ভর্তুকি কমানো হয়েছে।

শুক্রবার রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ইউসিবি পাবলিক পার্লামেন্টে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে পরামর্শ দিয়েছে, শর্ত আরোপ করেনি। সরকার দেশের জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে থাকে।

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনা কঠিন। পাচারকারীরা ফেরত আনার জন্য টাকা পাচার করেনি।

উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প অনুমোদনে রাজনৈতিক, আঞ্চলিক ও গোষ্ঠীগত চাপ থাকে, যা অনেক সময় উপেক্ষা করা যায় না। এসব চাপের কারণে অনেক সময় প্রকল্প ব্যয় বেড়ে যায়।

অনুষ্ঠান সভাপতির বক্তব্য রাখেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব’ শীর্ষক ছায়া সংসদে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইছ, ড. এস এম মোর্শেদ, গবেষক তাহরিন তাহরীমা চৌধুরী, সাংবাদিক মাঈনুল আলম ও সাংবাদিক দৌলত আক্তার মালা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর//