Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে আগ্রহ প্রকাশ করেছে বন্ধুপ্রতীম মুসলিম রাষ্ট্র ইরান। রোববার (২৫ জুন) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত  মনসুর চাভোশি (Mansour Chavoshi) দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে দেখা করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম, স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন এবং ঢাকায় ইরান  দূতাবাসের কনস্যুলার ও অর্থনৈতিক বিষয়ক  কর্মকর্তা মাহমুদ খোসরাভি (Mahmoud Khosravi)।

বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়, বিশেষ করে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উপায়গুলো নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও  বিনিয়োগ সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণের সম্ভাব্য ক্ষেত্রগুলোও স্থান পায়।

এসময় তারা বাণিজ্য সুযোগগুলো চিহ্নিত করতে, বিশেষ করে বাংলাদেশ থেকে ইরানে  পোশাক রপ্তানি এবং বাণিজ্য বাধা দূর করার জন্য  সহযোগিতামূলক উদ্যোগ গ্রহনের প্রয়োজনীয়তার ওপরও  জোর দেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ইরানের রাষ্ট্রদূতকে  পোশাক শিল্পের বিভিন্ন দিক, বিশেষ করে শিল্পটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কিভাবে ব্যাপক অবদান রাখছে, তা তুলে ধরেন।

মানসম্পন্ন পোশাকের বৈশ্বিক চাহিদা মেটাতে বিশ্বমানের উৎপাদন ব্যবস্থার পাশাপাশি কর্মক্ষেত্রে  নিরাপত্তা ও পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে  বাংলাদেশের পোশাক শিল্পের ব্যাপক অগ্রগতি সম্পর্কেও তিনি রাষ্ট্রদূত চাভোশিকে অবহিত করেন।

ফারুক হাসান বাংলাদেশে পরিবহন, জ্বালানি এবং ডিজিটালাইজেশন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন হয়েছে উল্লেখ করে বলেন, এই অর্জনগুলো দেশটিকে বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়তা করবে।

বিজিএমইএ সভাপতি বলেন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব সুবিধার কারণে বাংলাদেশ বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিনত হয়েছে।

রাষ্ট্রদূত মনসুর চাভোশি পোশাক শিল্প খাতে পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিজিএমইএ এর চলমান উদ্যোগগুলোর প্রশংসা করে বিজিএমইএ প্রাঙ্গনে একটি চারা রোপণ করেন।

প্রসঙ্গত, বিজিএমইএ ১০ থেকে ১৬ জুলাই ২০২৩ “রুটিং ফর এ গ্রিন প্ল্যানেট” শিরোনামে একটি  বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। কর্মসূচীর উদ্দেশ্য হল বিজিএমইএ’র সদস্য পোশাক কারখানাগুলোর ব্যবস্থাপনা, কর্মচারী এবং কর্মীদের তাদের কর্মস্থল ও  বাড়িতে নিয়মিত গাছ লাগাতে উদ্বুদ্ধ করা।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//