Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি অনুযায়ী বাংলাদেশ এরই মধ্যে নারী শান্তিরক্ষীর সংখ্যা বাড়াচ্ছে। জাতিসংঘে নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে ঢাকা দৃঢ়প্রতিজ্ঞ।

রবিবার রাজধানীতে জাতিসংঘের শান্তি অভিযানের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ডের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীদের নিয়মিত এবং কাস্টমাইজড প্রি-ডিপ্লয়মেন্ট প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং (বিআইপিএসওটি) প্রতিষ্ঠা করেছে।

বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে ড. এ কে আবদুল মোমেন বলেন, ডিজিটাল প্রযুক্তি কার্যকর শান্তিরক্ষা কার্যক্রমের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

সাক্ষাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন জিন-পিয়েরে ল্যাক্রোইক্স ও ক্যাথরিন পোলার্ড। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তির লক্ষ্যে এক সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানান।

বিনিয়োগবার্তা/এমআর//