
বিনিয়োগবার্তা ডেস্ক: ইসলামী ব্যাংকে সরকারের শেয়ার সামান্য থাকায় ব্যাংকটির কার্যক্রম ঢেলে সাজানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি আজ রোববার সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারের শেয়ারের অংশ সামান্য পরিমাণ থাকায় ইসলামী ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানো সম্ভব নয়। ইসলামী ব্যাংক বেসরকারি খাতের একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
তিনি বলেন, ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির মালিক। শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত পরিচালকেরা তাঁদের পক্ষে ব্যাংকের স্বচ্ছতা ও গতিশীলতা আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন। ইসলামী ব্যাংকে সরকারের শেয়ারের পরিমাণ মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য ১৩ শতাংশ (০.০০১৩ %)। তাই ঢেলে সাজানোর জন্য সরকারের পক্ষে কোনো বিশেষ পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়। ওই সময় অর্থমন্ত্রী বলেন, ব্যাংকটির বিদেশি অংশীদারদের আগ্রহের কারণে পরিবর্তন আনা হয়েছে।
(ইউএম/ ৫ই মার্চ ২০১৭)