Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 21:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

গাজীপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: গাজীপুর কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’ নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় ওই কারখানায় বয়লার বিস্ফোরণের পর মঙ্গলবার (৪ জুলাই) দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করেন। কারখানা এলাকার সামনে ভিড় করছেন নিহতের স্বজন ও নিখোঁজ কয়েকজন শ্রমিকের স্বজনরা। কারখানা এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সোমবার মাল্টি ফ্যাবস কারখানার চারতলা ভবনের নিচ তলায় বয়লার বিস্ফোরণে নয়জন নিহত হন, আহত হন অন্তত ৫০ জন। পরে মঙ্গলবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। তবে নতুন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানা এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া এ ঘটনায় আশেপাশের মণ্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

 

এদিকে, কারখানা ফটকের সামনে নিহত শ্রমিকদের স্বজনরা ভিড় করেছেন। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে এমন দাবি করে কারখানা ফটকে অবস্থান করছেন তাদের পরিবার পরিজনরা।

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নিচে চাপা পড়ে অন্তত ১০ জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশত।

(এমএ/এসএএম/ ০৪ জুলাই ২০১৭)