Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 01:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

গাজীপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। এর মধ্যে কারখানা কর্তৃপক্ষ ৩ লাখ টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা করে প্রদান করা হবে জানিয়েছেন তিনি।

মুজিবুল হক মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ইন্স্যুরেন্স বাবদ ২ লাখ টাকা এবং অনুদান হিসেবে ৩ লাখ টাকা মোট ৫ লাখ টাকা নিহতদের প্রত্যেক পরিবারকে প্রদান করা হবে।

তিনি আরও জানান, গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই সময় কারখানার চেয়ারম্যান ড. মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, কারখানার পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়াও নিহতদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ সময় মন্ত্রীর সাথে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, পুলিশ সুপার হারুণ-অর-রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লি. নামের একটি কারখানায় সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নীচে চাপা পড়ে ১০ জন শ্রমিক মারা যান। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক।

দুর্ঘটনার ১৮ঘন্টা পরও কারখানা এলাকার সামনে ভিড় করছেন নিহতের স্বজন ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। কারখানা এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

(এমএ/এসএএম/ ০৪ জুলাই ২০১৭)