Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 01:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট কেনায় আগের চেয়ে বেশি ঋণ দিচ্ছে আবাসন বিষয়ক রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।  পাশাপাশি সংস্থাটির ঋণে সুদের হারও আগের তুলনায় কমানো হয়েছে।

এ ছাড়া সংস্থাটি আরও নতুন কয়েকটি ঋণ কর্মসূচি নিয়ে এসেছে। এগুলো হচ্ছে- প্রবাসীদের জন্য প্রবাস বন্ধু, উপজেলা পর্যায়ের লোকদের জন্য পল্লীমা, শহরের লোকদের জন্য নগর বন্ধু প্রভৃতি।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেবাশীষ চক্রবর্তী বলেন, ‘আবাসন খাতের উন্নয়নে আমরা যথাসম্ভব উদার হয়েছি। সামান্য শর্ত পূরণ করে আমাদের থেকে ঋণ নিয়ে যে কোন ব্যাক্তি একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন। বাড়ি নির্মাণ, সম্প্রসারণেও ঋণ নিতে পারেন যে কেউ।’

সংস্থাটি জানায়, গত ০১ জুলাই থেকে বাড়ি নির্মাণে একক,  গ্রুপ এবং ফ্ল্যাট কেনা- এসব ক্ষেত্রে ঋণ কর্মসূচি চালু করা হয়েছে।

জানা গেছে, বিএইচবিএফসির ঋণে আবেদন ফি ও পরিদর্শন ফি আছে, তবে প্রক্রিয়াকরণ ফি নেই, সুদের ওপর সুদ বা চক্রবৃদ্ধি সুদও নেই। যে জমিতে বাড়ি নির্মাণ করা হবে, সেটি বন্ধক রাখলেই হয়। ফ্ল্যাট কিনতে হলে ফ্ল্যাটের দলিল বন্ধক রাখলেই হবে।

এককভাবে বাড়ি নির্মাণে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনভুক্ত অতি উন্নত এলাকার জন্য ঋণের পরিমাণ ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা, দুই মহানগরীর অন্যান্য উন্নত এলাকার জন্য ৫০ লাখ থেকে বাড়িয়ে ৮০ লাখ এবং টঙ্গী, সাভারসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের জন্য ৪০ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে।

গ্রুপ বা দলগতভাবে বাড়ি নির্মাণে ঋণের সীমা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অতি উন্নত এলাকায় গ্রুপের প্রত্যেকের জন্য বর্তমানের ৫০ লাখ থেকে বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে। দুই মহানগরীর অন্যান্য এলাকার জন্য আগের মতোই ৫০ লাখ এবং টঙ্গী, সাভারসহ বিভাগীয় বা জেলা পর্যায়েও আগের মতোই ঋণসীমা ৪০ লাখ টাকা রাখা হয়েছে।

ফ্ল্যাট কেনার জন্য আগে সব এলাকার জন্যই সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হতো। এখন দেওয়া হবে ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার জন্য ৮০ লাখ টাকা। এ ছাড়া টঙ্গী, সাভারসহ বিভাগীয় ও জেলা শহরে ফ্ল্যাট কিনতে দেওয়া হবে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ।

বাড়ি নির্মাণে সুদের হার ১২ থেকে কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ আর ফ্ল্যাট কেনার সুদের হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

(এমআর/ এসএএম/ ০৫ জুলাই, ২০১৭)