
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কর্ণফুলি পাওয়ার প্লান্ট নামে ১১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বিশেষ আইনের আওতায় নতুন এই প্লান্টির অনুমোদন দিয়েছে সরকার।
জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের শিকলবাহাতে স্থাপিত হবে। এ কেন্দ্র থেকে সরকার ১০.৫৪ সেন্ট বা প্রায় ৮ টাকা ২৯৩৩ পয়সা দরে বিদ্যুৎ কিনতে চায়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে।
বারাকা পাওয়ার হচ্ছে অনিবাসী বাংলাদেশীদের একটি কোম্পানি। মোট ৬০ জন এনআরবি এ কোম্পানি গঠন করে। ২০০৮ সালে কোম্পানিটি ৫১ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা চট্টগ্রামে ৬০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। এখন কর্ণফুলির নামে ১১০ মেগওয়াট পাওয়ার প্লান্ট করার দায়িত্ব দিলো সরকার। এটি হবে একটি আইপিপি। প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি করবে।
(এসএএম/ ০৫ জুলাই ২০১৭)